২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় সংঘর্ষ: মাওয়া হয়ে ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগ ৩ ঘন্টা বিচ্ছিন্ন

ফরিদপুরের ভাঙ্গায় বাজার বণিক সমিতি এবং ভাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার লিয়াকত মোল্লার লোকজনের সংঘর্ষে ১০ জন আহত এবং ২০টিরও বেশি দোকান লুট হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৃহস্পতিবার সাড়ে বারোটা থেকে এ সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষটি এক পর্যায়ে মহাসড়কে স্থান নিলে মাওয়া হয়ে ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন পড়ে। ৩টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ভাঙ্গা থানাসহ ফরিদপুরের তিন প্লাটুন পুলিশ তৎপরতা চালিয়ে সংঘর্ষ থামায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, পৌর এলাকার সুইপারদের বেতনভাতাসহ অন্যান্য দাবিতে সুইপাররা প্রায় এক সপ্তাহ ধরে বাজার এলাকায় ধর্মঘট করে আসছিলো। এ বিষয় নিয়ে বণিক সমিতির সাথে কমিশনার লিয়াকত আলী মোল্লার বিরোধ দেখা দেয়।

বণিক সমিতি বৃহস্পতিবার বেলা ১২টায় তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সমিতি সম্মেলনের পর সকল দোকানপাট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলো।

সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই কমিশনারের লোকরা বণিক সমিতির বিরুদ্ধে মিছিল বের করে এবং এক পর্যায়ে সমিতির লোকদের ওপর হামলা চালায়। বণিক সমিতিও পাল্টা হামলা চালালে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।