২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে মতিঝিল থানার ওসি ক্লোজড

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে মিরপুর কমার্স কলেজ ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ক্লোজ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বিডিনিউজকে টেলিফোনে বলেছেন, হত্যা মামলার প্রাথমিক তদন্তের ওপর নির্ভর করে ওসি রফিক কে ক্লোজ করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ডিএমপি-পশ্চিম এর ডেপুটি কমিশনার কোহিনুর মিয়া ওসি’র বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে বিডিনিউজের আদালত প্রতিনিধি জানিয়েছেন, কলেজ ছাত্র হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক অন্য আট জনকে জিজ্ঞাসাবাদের জন্যে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার কাফরুল পুলিশ তাদেরকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুস সালাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে: সাইফুল ইসলাম, আবদুস সালাম, কামাল হোসেন, জাফর আহমেদ, শরীফ উদ্দিন, মুজিবুর রহমান, রুবেল ও মিজান ওরফে রমজান।

এর আগে বুধবার ডিএমপি কমিশনার বলেছিলেন, ওসি অপরাধী প্রমানিত হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেবে।

১৫৫ উত্তর ইব্রাহীমপুরের আবদুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম মোমিন (২২) ওসি রফিকের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হয়।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীরা রফিককে খুন করেছে।

ওসি রফিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।