২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ঘন্টায় ১০০ কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতাসম্পন্ন গ্যান্ট্রি ক্রেন

চট্টগ্রাম বন্দরের ইকুইপমেন্ট বহরে এক মাসের মধ্যে চারটি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন সংযোজিত হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জাপান থেকে আমদানি করা এ ক্রেনগুলো বন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

বন্দর সূত্র জানিয়েছে, গ্যান্ট্রি ক্রেন সংযোজিত হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটবে। বর্তমানে বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং করা হয় জাহাজের ক্রেন দিয়ে। এগুলো দিয়ে ঘন্টায় সর্ব্বোচ্চ ৩০ টিইইউএস ( টুয়েনটি ফিট ইকুইভেলেন্ট ইউনিট) কন্টেইনার হ্যান্ডেলিং করা যায়। গ্যান্ট্রি ক্রেনগুলো দিয়ে ঘন্টায় ১০০ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে।

বন্দরের সিসিটি ইয়ার্ডে ক্রেনগুলো গ্রহণ শেষে বন্দরের চেয়ারম্যান এএম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আগামী এক মাসের মধ্যে নতুন গ্যান্ট্রি ক্রেন দিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং শুরু হবে। ফলে বন্দরে জাহাজের গড় অবস্থান সময়ও অনেক কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বন্দরের উর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি করপোরেশনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

বন্দর সূত্র জানিয়েছে, নিজস্ব অর্থায়নে ৩৫৭ কোটি টাকা ব্যয়ে ‘৪টি গ্যান্ট্রি ক্রেনসহ ১৪১টি ইকুইপমেন্ট সংগ্রহ প্রকল্পের আওতায়’ ওই ক্রেনগুলো সংগ্রহ করা হয়েছে। জাপান থেকে গ্যান্ট্রি ক্রেনগুলো সংগ্রহ করতে ব্যয় হয়েছে ১৫০ কোটি টাকা।

বন্দরের মাল্টি পারপাস বাথ (এমপিবি) ইয়ার্ডে আপাতত ক্রেনগুলো বসানো হবে। পরবর্তীতে এগুলো নির্মাণাধীন নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে স্থানান্তর করা হবে।

১৯৯৮-৯৯ অর্থবছরে গৃহীত এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৩৮টি ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত ইকুইপমেন্টেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফক লিফ্ট, টারমিনাল ট্রাক্টর, কন্টেইনার মুভার, স্টেডাল ক্যারিয়ার, রীচ স্ট্রে কার, রাবার টায়ার্ড গ্রান্টি ক্রেন।

এ প্রকল্পের আওতায় আরও তিনটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন চলতি বছরেই মধ্যে বন্দরে পোঁছাবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।