২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রবাদীতার উৎস খুঁজে বের করে তার মূলোৎপাটনে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্ব্যার্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসের বিপক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। উগ্রবাদীতার উৎস খুঁজে বের করে তার মূলোৎপাটনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি শান্তি এবং নিরাপত্তার সাথে উন্নয়নের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, আলোচনা, সহিষ্ণুতা এবং সমঝোতার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ আর বিদেশীদের ঋণের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। তিনি বলেন,অসহিষ্ণুতা, উগ্রবাদ এবং বিশ্বব্যাপী সন্ত্রাসের মূল কারণ দারিদ্র, রোগব্যাধি এবং শিক্ষার অভাব।

বাংলাদেশী প্রধানমন্ত্রী এসব মূল সংকট দূর করতে বিশ্ব নেতৃবৃন্দকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, অসহিষ্ণুতা, উগ্রবাদ এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাস দূর করতে অবশ্যই এর মূল উৎস উপড়ে ফেলতে হবে।

বিশ্ব নেতৃবৃন্দের প্রতি সাবধান বাণী উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি এখনই এসবের বিরুদ্ধে যথাযথ অবস্থান না নিতে পারি তাহলে বিশ্বব্যাপী সন্ত্রাস এবং উত্তেজনা আমরা প্রশমিত করতে পারবো না এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত আগামীও নিশ্চিত করা সম্ভব হবে না।

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক শীর্ষ সম্মেলন এবং সাধারণ পরিষদের ৬০ তম এই অধিবেশনে যোগ দিতে বিশ্বের ১৭০ টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা হাজির হয়েছেন এবং তারা সবাই বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাস এবং সহিংসতার বিপক্ষে এবং মার্কিন যুক্তরাষ্টের সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন।

অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি বক্তব্য রাখেন। জাতিসংঘ মহাসচিব কফি আনান অধিবেশনের সূচান করেন।

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ শীর্ষ সম্মেলনের মাধ্যমে উন্নত বিশ্বগুলোর প্রতি বাংলাদেশের বাজার তৈরী, এফডিআই প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক উন্নয়ন সাহায্য বৃদ্ধির আহ্বান জানান।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বিদেশীদের আর্থিক এবং প্রযুক্তিগত সাহায্যের উপর আমরা আর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। কিন্তু এ মুহুর্তে অর্থনীতি সংস্কারে এবং জনগনকে দারিদ্র থেকে মুক্তি দিতে আমাদের বৈদেশিক উন্নয়ন সাহায্য প্রয়োজন।

দারিদ্র্য এবং অন্যান্য প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশাবাদী। তিনি বলেন, আমরা আগামী ১০ বছরে দারিদ্র, রোগ-বালাই, বিভিন্ন প্রতিবন্ধকতা, লিঙ্গ বৈষম্য ইত্যাদি দূর করতে সক্ষম হবো এবং নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।

জতিসংঘের গণতন্ত্র তহবিলের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি প্রত্যাশিত না হলেও আমরা আশাহত নই।

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আটটি লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়নে আপনারা আপনাদের শক্তি অবস্থানের কথা আমাদের জানান।

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে দু’টি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর একটি হলো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় নারী বৈষম্য দুরীকরণ এবং অন্যটি জনগণের জন্যে নিরাপদ পানির ব্যবস্থা।

প্রধানমন্ত্রী অনান্য ক্ষেত্রেও বাংলাদেশের অর্জনের কথা উল্লেখ করেন। গত ১০ বছরে প্রবৃদ্ধির হার শতকরা ৫ ভাগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থাপনা, বাসস্থানের উন্নতি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের কথাগুলো উল্লেখ করেন।