নাটালি পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান করেছে ইউরোপীয় কমিশন
লরেঞ্জো নাটালি প্রাইজ ফর জার্নালিজম’র জন্য বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের কাছে ইউরোপীয় কমিশন (ইসি) মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার ওপর প্রতিবেদন আহ্বান করেছে।
উন্নয়নশীল দেশগুলোতে মানবাধিকার ও গণতন্ত্রের ওপর লেখার গুণগত মান বাড়াতে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
পৃথিবীর পাঁচটি অঞ্চলের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। অঞ্চলগুলো হচ্ছে ইউরোপ, আফ্রিকা, আরব বিশ্ব, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ল্যাটিন আমেকিা ও ক্যারিবিয়ান অঞ্চল।
সৎ সাংবাদিকতার মাধ্যমে সারা পৃথিবীতে মানবাধিকার পরিস্থিতি ত্বরান্বিত করতে ইসি নাটালি পুরস্কার প্রবর্তন করেছে। নাটালি পুরস্কার বিজয়ীরা ইসি’র পক্ষ থেকে সনদপত্র ও প্রশিক্ষণের সুযোগ অর্জন করবে।
২০০৪ সালের ১ জানুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত মানবাধিকার অথবা গণতন্ত্র রক্ষা সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন এবং প্রবন্ধ চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
