চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে ৫টি মূল্যবান মূর্তি উদ্ধার, ৫ পাচারকারী গ্রেপ্তার
চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ থেকে মঙ্গলবার গভীর রাতে পুলিশ কষ্টিপাথরেরসহ পাঁচটি মূর্তি উদ্ধার করেছে।
এসময় পুরাকীর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা আনোয়ারা উপজেলার তালশারা গ্রাম থেকে চারটি শিবমূর্তি উদ্ধার করেছে। এসময় ঘটনার সঙ্গে জড়িত তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা মঙ্গলবার রাতে বক্সিরহাট বাজারে একটি ঘরের ছাদ থেকে চন্দন চক্রবর্তী, মো. হানিফ এবং মো. নাজিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পরে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় পুকুর থেকে মার্বেল পাথরের একটি শিবমূর্তি, কষ্টিপাথরের অপর একটি শিবমূর্তি এবং ব্রোঞ্জের তৈরি অপর দুটি মূর্তি উদ্ধার করে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা জেলার সিরাজদিখান উপজেলার বালুচরের রাজনগর থেকে মঙ্গলবার গভীর রাতে ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের নাম হলো-আনোয়ার (৫৫) এবং আলতাফ (২৫)।
সূত্র জানায়, বিদেশে পাচারের চেষ্টাকালে মূর্তিসহ তাদের আটক করা হয়।
বুধবার রাত ৯টার দিকে সিরাজদিখান থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
