ডিসিসি’র রাস্তায় গরু-ছাগলের হাট বসানোর ওপর হাইকোর্টের রুল
ঢাকা সিটি কর্পোরেশনের রাস্তার ওপর গরু ছাগলের হাট বসানো বন্ধ এবং ২৪ ঘন্টার মধ্যে জবাই করা পশুর বর্জ্য পরিশোধনে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে সরকারের প্রতি একটি কারণ দর্শানো রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ রুল জারি করেন।
দু'সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এ রুলে স্বরাষ্ট্র সচিব, ঢাকা সিটি কর্পোরেশন মেয়র, পুলিশের আইজি, পুলিশ কমিশনার এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
