বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: এখনও নিখোঁজ ১৯, ভারতে উদ্ধার ২৫ জেলে, আদালতে প্রেরণ
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় চারটি মাছধরা ট্রলার ডুবিতে নিখোঁজ ৪৪ জনের মধ্যে ২৫ জনকে ভারতীয় জেলেরা সে দেশের জলসীমা থেকে উদ্ধার করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
জেলে ও মৎস্য ব্যবসায়ী সূত্র বুধবার জানায়, উদ্ধারকৃতদের ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের আদালতে পাঠায়। তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট, পিরোজপুর বরগুনাসহ উপকূলীয় বিভিন্ন জেলায়।
সাগর থেকে ফিরে আসা জেলেরা জানায়, গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় রোব ও সোমবার ঝড়ের কবলে পড়ে এফবি রিজিয়া, এফবি মনির, এফবি সেলিম এবং এফবি মায়ের দোয়া নামে চারটি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের ১৬ জন জেলে অন্য ট্রলারের সাহায্যে ফিরে আসতে পারলেও কমপক্ষে ৪৪ জন নিখোঁজ হয়। ভারতে উদ্ধারকৃত ২৫ জন ওই ৪৪ জনের অন্যতম বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন। বাকি ১৯ জনের সন্ধান এখনও মেলেনি।
বাগেরহাট জেলা মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আলহাজ মো. মমিন উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে ২৫ জেলেকে ভারতীয় জেলেরা উদ্ধার করেছে বলে উদ্ধারকৃতরা তাদের জানিয়েছে। এসব জেলেকে দেশে ফিরিয়ে আনতে একটি প্রতিনিধি দল খুব শিগগিরই ভারতে যাবে বলে তিনি জানান। তবে তিনি এ ২৫ জনের সবার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
কোস্টগার্ড, মংলা পশ্চিম জোনের কমান্ডার এমএ মতিন জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে তারা চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি ভারতে জেলে উদ্ধারের সংবাদটি নিশ্চিত করতে পারেননি।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিখোঁজ ৪৪ জন জেলের মধ্যে রয়েছে-খলিল (২৫), নুর আলম (৩০), জালাল খাঁ (৪০), লিটন (২২), মিরাজ (২৪), সুমন (১৮), ফোরকান (২৮), জলিল (২২), আইনুল (৩০), টিটু (২০), জব্বার (৩৫), হেমায়েত (৩২), সেকেন্দার (৩০), জাকির (২৮), জাহাঙ্গির (২৬), ইউসুফ (২৫), ইসমাইল (৩০) প্রমুখ।
