২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কামরুল হত্যায় ওসির জড়িত থাকার অভিযোগের তদন্ত চলছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর কমার্শিয়াল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মুমিন হত্যায় মতিঝিল থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলামের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান এবং ডিসি (পূর্ব) মাহবুবুর রহমান বুধবার বিডিনিউজকে একথা জানান।

পুলিশ এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মোট আটজনকে গ্রেফতার করেছে।

এছাড়া নিহতের পিতা আব্দুর রাজ্জাক মতিঝিল থানার ওসি রফিকুল ইসলামসহ ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় মতিঝিল থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে বলে জোর গুজব ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সত্য নয় বলে জানান।

তিনি বিডিনিউজকে বলেন, আমি ডিএমপি’র (পূর্ব) ডেপুটি কমিশনারকে ওসির জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখার জন্যে নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত ঘটনা জানতে কিছুটা সময় লাগবে তিনি জানান।

নিহত কামরুল ইসলাম মুমিন (২২) ১৫৫ ইব্রাহিমপুরে থাকত। ওসির সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

কামরুলের বড় ভাই সাইফুল ইসলাম এবং প্রতিবেশীরা জানান, কয়েক মাস ধরে ওসির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। ওসি তাকে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে খুন করিয়েছে।

সাইফুল বলেন, আমাদের বাড়ির পাশেই ওই ওসির দেড় বিঘা জমি রয়েছে। তিনি তার সীমানা পেরিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করেন। তিন মাস আগে আমরা আমাদের সীমানা ঘিরে বাউন্ডারি তৈরি করি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।