ঢাবিতে মানবাধিকার আইন ও সংঘাত বিষয়ক রিপোর্টিংয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানবাধিকার আইন ও সংঘাত বিষয়ক রিপোর্টিংয়ের ওপর বুধবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং রেড ক্রস আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) আঞ্চলিক প্রতিনিধিরা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। মানবাধিকার আইন ও সংঘাত বিষয়ক রিপোর্টিংয়ের ওপর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সর্বসাম্প্রতিক ধারণা প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
আইসিআরসি’র আঞ্চলিক ডেলিগেশন প্রধান ভিনসেন্ট নিকোড, যোগাযোগ সমন্বয়কারী ক্যাসপার লনডল্ট এবং আইন কর্মকর্তা পূজা আহলুয়ালিয়া, যোগাযোগ কর্মকর্তা সুরিন্দর সিং ওবেরয় ‘সংঘাতের বিবর্তন ও মানবাধিকারের চ্যালেঞ্জ’ এবং অন্যান্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন।
কর্মশালায় ঢাবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানও বক্তব্য রাখেন। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা এ সময় উপস্থিত ছিলেন।
