একমুখি শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শিক্ষকদের সাহায্য আরও বেশি প্রয়োজন
একমুখি শিক্ষাব্যবস্থা নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, একমুখি শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের সকল গুনকে বিকশিত করতে শিক্ষকদের সাহায্য আরও বেশি প্রয়োজন। বক্তারা আরও বলেন, বর্তমান প্রচলিত বহুমুখী শিক্ষাব্যবস্থা এক ধরণের ভারাক্রান্ত শিক্ষা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-নজরুল) আয়োজিত ‘একমুখী শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান গাজী মো.আহছানুল কবীর, শিক্ষক সমিতির মহাসচিব নজরুল ইসলাম রনি, শিক্ষক নেতা আবুল কাশেম খান প্রমুখ।
সেমিনারে এহছানুল হক মিলন বলেন, একমুখী শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ অতীব জরুরী নয়, কারন শিক্ষকরা বর্তমানে যে প্রচলিত পদ্ধতিতে শিক্ষা দিচ্ছেন তাতে শিক্ষকরা ভিন্ন ভিন্ন বিষয়ে অভিজ্ঞ।
তিনি আরও বলেন, দেশে স্কুলভিত্তিক মূল্যায়ন পদ্ধতি নতুন নয়। এটি বিভিন্ন ইংলিশ মিডিয়াম এবং ভালো ভালো স্কুলগুলোতে আগে থেকেই চালু রয়েছে। এখন শুধুমাত্র পুরো শিক্ষাব্যবস্থায় এটি কার্যকর করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, পাঠ্যপুস্তক বেসরকারিকরণের ফলে প্রকাশকরা নতুন এবং উন্নতমানের বই প্রকাশে উদ্বুদ্ধ হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সভাপতি গাজী মো.আহছানুল কবীর স্কুলভিত্তিক মূল্যায়ন পদ্ধতির ফলে শিক্ষক-ছাত্র সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
