বেনাপোলে রাজস্ব আদায়ে ব্যবহৃত কম্পিউটা ট্রলি প্রিন্টার্স ৭ দিন ধরে অকেজো
বেনাপোল কাস্টমস হাউজে বেশ ক’টি কম্পিউটার ট্রলি প্রিন্টার্স অকেজো থাকায় রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামার আশংকা দেখা দিয়েছে।
অকেজো ট্রলি প্রিন্টার্সগুলো গত সাত দিনেও মেরামত না হওয়ায় ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
অবশ্য কাস্টমস কর্তৃপক্ষ অকেজো প্রিন্টার্সগুলো মেরামতের জন্য দরপত্র আহবান করলেও এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন কোন সাড়া মেলেনি।
সূত্র জানায়, সাত দিন আগে হঠাৎ করে কাস্টমস হাউজে লং রুমের এ্যাসাইকুডা প্লাস এর আওতায় কম্পিউটারাইজড পদ্ধতিতে শুল্কায়নে নিয়োজিত তিনটি কম্পিউটার ট্রলি প্রিন্টার্স অকেজো হয়ে পড়ে। কর্তৃপক্ষ স্থানীয়ভাবে এগুলো মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়। ফলে হঠাৎ করে বিল অব এন্ট্রি ও অ্যাসেসমেন্ট নোটিশসহ অন্যান্য জরুরি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামার আশংকায় বেনাপোল সোনালী ব্যাংকে রিলিজ অর্ডার প্রিন্টিং কাজে ব্যবহৃত ট্রলি প্রিন্টার্সটি জরুরি ভিত্তিতে কাস্টমস হাউজের লং রুমে স্থানান্তর করে। ফলে রিলিজ অর্ডার প্রিন্টিং কাজেও দেখা দেয় বড় ধরনের সমস্যা।
মাত্র একটি ট্রলি প্রিন্টার্স এর মাধ্যমে বিল অব এন্ট্রি ,অ্যাসেসমেন্ট নোটিশ, ও রিলিজ অর্ডার এর কার্যক্রম সম্পাদিত হওয়ায় ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়।
অচিরেই কাস্টমস হাউজের অকেজো প্রিন্টার্সগুলো ঠিক করা না হলে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ অন্যান্য পণ্যের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছে ব্যবসায়ী মহল।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের কম্পিউটার প্রোগ্রামার বিডিনিউজকে জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অকেজো প্রিন্টার্সগুলো মেরামত করার জন্য ঢাকায় মেরামতকারী কোম্পানির সাথে আলাপ হয়েছে। তবে দু’এক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
