২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত ভিত্তিক এনজিও আরআইএইচসি’র গতিবিধি ও কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি

ইসলামি মৌলবাদী জঙ্গিদের সংঘবদ্ধ করা ও প্রশিক্ষণ সংক্রান্ত খরচের যোগানদাতা আরআইএইচসি’র দেশীয় পরিচালককে আটক করা হলেও আদালতে নিয়ে আসার আগেই উত্তরা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সূত্র জানায়, সারা দেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাহায্যপুষ্ট কুয়েত ভিত্তিক এনজিও রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির (আরআইএইচসি) গতিবিধি ও কর্মকাণ্ডের ব্যাপারে কড়া নজর রাখছে।

পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন সূত্র জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরআইএইচসি পরিচালক উত্তরা থানার উত্তরখান ইউনিয়নের চামুরখান গ্রামের আখতারুজ্জামানকে রোববার রাতে আটক করে উত্তরা থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়। পরে সোমবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

উত্তরার লেক ড্রাইভ রোডে সাত নম্বর সেকশনের ৪০ নম্বর বাড়িতে আরআইএইচসি’র কার্যালয় রয়েছে।

সূত্র জানায়, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আরআইএইচসি’র বিভিন্ন কার্যক্রম, তহবিল সরবরাহ, আয়ের উৎস এবং তহবিল বিতরণের খাতগুলো সম্পর্কে তদারকি চালাচ্ছে।

আরআইএইচসি’র কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য অফিসের চারপাশে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রাখা হয়েছে।