২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে অষ্টম জাতীয় সংসদে সোমবার একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্পীকার এ শোক প্রস্তাবে বলেন, আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো। এতে আরো বলা হয়, জাতীয় সংসদ আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে এই শোক প্রস্তাবে।

আব্দুল্লাহ আল কাফি ১৯৪৫ সালের ২৮ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার নওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুল্লাহ আল কাফি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্সসহ মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি বীরগঞ্জ ডিগ্রী কলেজে দীর্ঘদিন যাবৎ অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি ২০০১ সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ (এসপিডি) প্রকল্পের মাধ্যমে কানাডার পার্লামেন্ট পরিদর্শন করেন।