রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরের নিমতলায় রোববার রাত ১টার দিকে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
এ দুর্ঘটনায় ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের দফাদার আব্দুল হালিম মোল্লা (৫৫) এবং আব্দুল আজিজ মিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হয় এবং নিহত অপরজন চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী থানা পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০২৩) ঢাকা যাওয়ার পথে বসন্তপুর নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
