২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অডিট আপত্তি কমাতে আধুনিক হিসাব ব্যবস্থার ওপর জোর দিলেন পানি সম্পদ মন্ত্রী

অডিট আপত্তি এবং ভোগান্তি কমাতে পানি সম্পদ মন্ত্রনালয় প্রবর্তিত আধুনিক হিসাব ব্যবস্থা বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি বলেন, মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় দেশে এই প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করা হলো এবং এ পদ্ধতি ব্যবহার করা হলে সরকার এবং অন্যান্য সংস্থা যথাসময়ে যথাযথ আর্থিক বিবরণী পাবে।

এতে দেশের অর্থনীতির উন্নয়ন হবে বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রী।

রোববার রাজধানীর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমীতে (এফআইএমএ) আয়োজিত এক প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) অর্থায়নে পানি সম্পদ মন্ত্রনালয় এবং এফআইএমএ এর যৌথ উদ্যোগে মন্ত্রনালয়ের আর্থিক ব্যবস্থাপনার আধুনিকায়নে এ প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষনে দু’টি ব্যাচে ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কর্মসূচির আওতায় প্রায় ৪০০ জনকে প্রশিক্ষন দেয়া হবে।

পানি সম্পদ মন্ত্রনালয় এবং এর অধীনস্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি), আরআরআই, জেআরসি এবং ওয়ারপো’র কর্মকর্তাদের কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয়াই এ প্রশিক্ষন কর্মসূচির উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, এ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অডিট সংক্রান্ত যে ত্রুটিগুলো প্রায়ই হতো, তা আর হবে না। তিনি বলেন, আগে একটি অডিট করতে এক থেকে দুই মাস সময় লাগতো। কিন্তু নতুন ব্যবস্থায় পাঁচ দিনেই একটি অডিট করা সম্ভব হবে।

তাছাড়া একজন কর্মকর্তার অবসরের পরও অডিট করতে গিয়ে যে ভোগান্তির সম্মুখীন হতে হতো, তা এখন শেষ হবে এবং এক সপ্তাহেই কাজটি করা সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ডেভিড স্প্রোল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক আসিফ আলী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব এস এম জহুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক জসিম উদ্দিন প্রশিক্ষন কর্মসূচির সংক্ষিপ্ত বিবরনী তুলে ধরেন।