১৫ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষা ধর্মঘট
শিক্ষা ব্যবস্থায় অরাজকতার প্রতিবাদে ‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগঠন’ আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষা ধর্মঘট আহ্বান করেছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত বছর ১১ সেপ্টেম্বর ছাত্রদলের ক্যাডারদের ছাত্রলীগের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত হয় এ সমাবেশ।
এতে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ঘৃণিত হামলা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অর্থাৎ প্রশাসন এখন ছাত্রদলের ক্যাডারদের কাছে আত্মসমর্পণ করেছে।
সমাবেশে বক্তারা আরো বলেন, শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধি, মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করাসহ পুরো শিক্ষা ব্যবস্থায় বিরাজ করছে বেসামাল অবস্থা।
ছাত্র ঐক্যের সভাপতি জুয়েল আহমেদ খান সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার, বলরাম পোদ্দার, জাকির হোসেন মারুফ প্রমুখ।
