২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ পরীক্ষার জন্যে জামাল উদ্দিনের সন্দেহে উদ্ধারকৃত কংকালের নমুনা ঢাকায় প্রেরণ

অপহৃত ব্যবসায়ী জামাল উদ্দিনের সন্দেহে ফটিকছড়ি থেকে উদ্ধারকৃত কংকালের নমুনা ডিএনএ পরীক্ষার জন্যে রোববার ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জামাল উদ্দিন অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক আনোয়ার হোসেন কংকালের নমুনা হিসেবে পায়ের হাঁড়, দাঁত ও চুল ঢাকা নিয়ে আসেন।

তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, কংকালের নমুনা ঢাকা সিআইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। উর্ধ্বতন সিআইডি কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন, কীভাবে এবং কোথায় ডিএনএ পরীক্ষা করা হবে।

সিআইডি সূত্র জানায়, দেশে ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ সুবিধা না থাকায় কংকালের নমুনা সিঙ্গাপুর পাঠানো হতে পারে।

এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের একটি বিশেষজ্ঞ টিম কংকালটির ফরেনসিক টেস্ট করেছে। বর্তমানে এর অবশিষ্টাংশ কোতয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে।

২০০৩ সালের ২৪ জুলাই চট্টগ্রামে অপহৃত ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনকে অপহরণ করা হয়।

জামাল উদ্দিনের সন্দেহে ২৪ আগস্ট ফটিকছড়ির কাঞ্চননগরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে র‌্যাব একটি কংকাল উদ্ধার করে।

র‌্যাব দাবি করেছে, কংকালটি অপহৃত ব্যবসায়ী জামাল উদ্দিনের। কিন্তু ডিএনএ পরীক্ষার ফলাফল ছাড়া এটি গ্রহণ করতে রাজি হয়নি জামাল উদ্দিনের পরিবার।

শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে জামাল উদ্দিন অপহরণ মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত সিআইডি পুলিশ কংকালটির ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নেয়।