সিলেটের চা-শিল্প সংকটের মুখে, রপ্তানিতে ধস
বিদ্যুৎ সংকট, চা বৃক্ষ উজাড়সহ নানা সমস্যা ও সংকটের কারণে সিলেটের চা শিল্পের উৎপাদন কমছে। হ্রাস পেয়েছে চা-এর গুণগত মান। রপ্তানিতে নেমে এসেছে ধস। এর ফলে এ শিল্পটি বিশ্ব বাজারে বাণিজ্য হারাচ্ছে।
আমদানিকারক দেশগুলো বাংলাদেশের চা-এর বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে চা আমদানি করতে হবে।
এ বিপর্যয় কাটিয়ে চা-শিল্পকে গতিশীল করতে সরকারি কোন পদক্ষেপই পরিলক্ষিত হচ্ছে না। বিভিন্ন সময় চা-শিল্পের উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করা হলেও সেগুলো বাস্তবায়িত হয়নি।
রপ্তানি উন্নয়ন সূত্র জানায়, সিলেটের চা-শিল্পে এক সময় ভাল অবস্থা বিরাজ করলেও বর্তমানে তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। ১৯৭২-৭৩ সালে সিলেটের মোট রপ্তানির তিন ভাগ, ১৯৮২-৮৩ সালে সাত ভাগ, ১৯৮৯-৯০ সালে তিন ভাগ রপ্তানি হলেও বর্তমানে তা শূণ্য দশমিক নয় ভাগে নেমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে চা-রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
২০১৫ সালে দেশের চাহিদা মেটাতে চা আমদানি করতে হতে পারে।
চা বোর্ড জানায়, ১৯৮০ সালে বাংলাদেশ থেকে তিন কোটি ১০ লাখ কেজি, ১৯৮১ সালে তিন কোটি ২৩ লাখ কেজি, ১৯৮২ সালে তিন কোটি ৪৪ লাখ কেজি, ১৯৮৯-৯০ অর্থবছরে ১৬৭ কোটি ৭৯ লাখ টাকার ২৩ দশমিক ৯৩ মিলিয়ন কেজি, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৮২ কোটি ৯৭ লাখ টাকার, ১২ দশমিক ৬২ মিলিয়ন কেজি, ২০০১ অর্থবছরে ১২২ কোটি ২১ লাখ টাকার ১৬ দশমিক ৬৩ মিলিয়ন কেজি চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।
বিগত ২০০২ সালে ১৩ দশমিক ৬৬ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হলেও ২০০৩-২০০৫ সালে তা ১২ দশমিক ২০ মিলিয়ন কেজিতে নেমে এসেছে।
চা বিশেষজ্ঞরা চা রপ্তানির এই ক্রমাবনতির কারণ হিসাবে বাংলাদেশের চা-এর গুণগত মানকে দায়ী করেছেন।
তারা জানান, গুণাগুণের অভাবের কারণেই বিশ্ব বাজারে শ্রীলংকা, ভারত কেনিয়া প্রভৃতি দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না বাংলাদেশ।
একারণে পোল্যান্ড, জর্দান ইরান প্রভৃতি দেশের বাজার ভারত, শ্রীলংকা, কেনিয়া এবং ইন্দোনেশিয়ার দখলে চলে গেছে।
এদিকে চা-শিল্পের এ বিপর্যয়ের কারণে শিল্প সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারিরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
