যুক্তরাষ্ট্র ক্যাটরিনা কবলিত অঞ্চলে বাংলাদেশের সহযোগিতা নেয়ার ব্যাপারে এখনই ভাবছে না
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা, মিসিসিপি ও আলাবামায় ক্যাটরিনায় আক্রান্তদের ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তার জন্যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞদের নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র এখনই বিবেচনা করছে না।
বাংলাদেশের সহায়তার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, এ বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু এখন এ সম্পর্কে কথা না বলাই সঠিক মনে করি আমরা।
অন্যদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস শুক্রবার এক টেলিভিশন প্রোগ্রামে জানান, বাংলাদেশ সহায়তার জন্যে একটি প্রস্তাব প্রস্তুত করছে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে জনশক্তি, উদ্ধারকারি নৌযান, ফিল্ড হাসপাতাল, চিকিৎসা ও প্রকৌশলী দল এবং হ্যারিকেনে আক্রান্ত শহরগুলো পরিস্কার করতে শ্রমিক পাঠানোসহ সহযোগিতার প্রতিশ্রতি দিয়েছে।
ক্যাটরিনায় আক্রান্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকার ১০ লাখ মার্কিন ডলার দান করেছে।
