পঞ্চগড়ে শিশুসহ ৮ ভারতীয় নাগরিককে পুশইন
পঞ্চগড় সীমান্তে শনিবার সকালে পুশইন হয়ে আসা একই পরিবারের তিন শিশুসহ আট জন বাংলাভাষী ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছে।
পুশইনকৃতরা হলো বোরহান মাতবর (৩০), তার স্ত্রী পারভীন (২৭) এবং তাদের তিন শিশু সন্তান, যথাক্রমে ছালমা (৯), সেতারা (৫), মরিয়ম (৩)। এদের সঙ্গে একই সময় পুশইনকৃত অন্য তিন যুবক হলো লায়েক শেখ (২০), মো. লোকমান (২০) ও বাবুল (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুশইনকৃতরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয় লোকজন পঞ্চগড় সদর হাসপাতালের সামনে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। আটককৃতরা জানায়, তারা অনেকেই দিল্লীর একটি মসজিদের পাশে ঘর ভাড়া নিয়ে থাকতো এবং দর্জি ও টোকাইয়ের কাজ করতো। সেখান থেকে ভারতীয় পুলিশ বেশ কিছু পরিবারকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। এরপর বিএসএফ তাদের ছোট ছোট দলে ভাগ করে কথিত বাংলাদেশী নাগরিক সাজিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করছে। তবে ভারত বা বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে, তা তারা বলতে পারেনি।
পুশইনকৃত বোরহান মাতবর সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে বিএসএফ তাদের সীমান্ত পার করে দিয়ে বলে, এরপর ভারতে প্রবেশের চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ ফকির পিপিএম আট জনকে আটকের কথা স্বীকার করেছেন। তবে তিনি এর বেশি কিছু বলতে পারবেন না বলে জানান।
২২ রাইফেলস ব্যাটেলিয়নের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জানান, আটককৃতদের পুলিশের কাছ থেকে বিডিআরের হেফাজতে নেয়ার প্রস্তুতি চলছে।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুরিতে শুক্রবার বিডিআর ও বিএসএফের উপ-মহা পরিচালক পর্যায়ে তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়। ওই দিন রাতেই পুশইনের এ ঘটনা ঘটলো।
