২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারি-ফেব্রুয়ারিতে খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দরপত্র আহ্বান করা হবে: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভেড়ামারা থেকে খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দরপত্র আহ্বান করা হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি শনিবার খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা জরুরি। আর সে কারণেই খুলনায় শিল্প কারখানা চালু তথা নতুন শিল্পে বিনিয়োগের জন্যে প্রয়োজন গ্যাস সরবরাহ করা।

মাহমুদুর রহমান আরও বলেন, দাম বাড়ানোর পরও ডিজেল ও কেরোসিনে প্রতি লিটারে সরকারকে ১২ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ খাতে বছরে চার হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশে তেলের দাম বাড়ানো ছাড়া কোনও পথ ছিলো না।

মংলা বন্দর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দরের চ্যানেলে সাত মিটার নাব্যতাকে ড্রেজিংয়ের মাধ্যমে সাড়ে আট মিটারে আনতে হবে। তা না হলে বিদেশি বড় বড় জাহাজ মংলায় ভিড়তে পারবে না। এছাড়া তিনি দক্ষিণাঞ্চলে এগ্রোবেজড পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসি আলী, নগর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু, মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান প্রমুখ।