নাইক্ষ্যংছড়িতে আবারো একে-৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল পরিমান অস্ত্রশস্ত্র উদ্ধারের মাত্র এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার আরো ১২টি আগ্নেয়াস্ত্রসহ প্রচুর পরিমান গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দূর্গম নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী মুরংটিলা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে বিডিআর সদস্যরা অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ এসব অস্ত্রশস্ত্র¿ উদ্ধার করে।
বিডিআর’র জেলা রিজিওন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, রাশিয়ার তৈরী অত্যাধুনিক মডেলের চারটি লাইট মেশিন গান (এলএমজি), আটটি একে-৪৭ আকৃতির সাব মেশিন গান (এসএমজি), বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য তিন হাজার ৫৫৯ রাউন্ড বুলেট, একে-৪৭ ও এলএমজিতে ব্যবহারযোগ্য ৫২টি ম্যাগজিন, লিনফেট অয়েল ভর্তি ১৩টি জেরিক্যান এবং সামরিক পোষাকসহ সামরিক সরঞ্জাম।
তিনি জানান, সেনা বাহিনীর মাইন ডিটেক্টর ইউনিট ওই উদ্ধার অভিযানে বিডিআরকে সহায়তা করে।
বিডিআর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ভিত্তিতে দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকা সংলগ্ন মুরংটিলা নামক পাহাড়ি থেকে সেনাবাহিনীর মাইন ডিটেক্টরের সহায়তায় দূর্গম পাহাড়ের মাটি খুঁড়ে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এগুলো রাখার অভিযোগে কাউকে গ্রেফতার করা যায়নি।
এদিকে স্থানীয় সূত্র জানায়, জারুলিয়াছড়ি থেকে তারগু মৌজা পর্যন্ত ৯৬ কিলোমিটার এলাকায় লালপতাকা উড়িয়ে মাইন এক্সপ্লোরিং ডিভাইস ব্যবহার করে অস্ত্র ও গোলাবারূদ অনুসন্ধান চলছে। এতে বিডিআর ও সেনাবাহিনীর প্রায় এক হাজার সদস্য অংশ নিচ্ছে।
বিডিআরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সেনাবাহিনী, বিডিআর, র্যাব ও গোয়েন্দা সংস্থাসমূহের লাগাতার অভিযানের মুখে অস্ত্র গোলাবারুদের মজুদ লুকিয়ে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। সে কারণে অভিযানের সময় অস্ত্র উদ্ধার হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করা যাচ্ছে না।
গত দুটি অভিযানে বেশকিছু নতুন মডেলের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে একে-৪৭ মডেলের এসএমজি, ড্রাম ম্যাগাজিন সংযুক্ত একে-৪৭ রাইফেল, অজ্ঞাত অস্ত্রে ব্যবহারযোগ্য ৫০ রাউন্ড বুলেট ও ফ্লাশ হাইডারও রয়েছে।
স্থানীয় একটি সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অভিযানের প্রায় ৪০ শতাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। তবে আর যদি কোনো নতুন অস্ত্রের আমদানি নাও হয়, তবুও এখনো ওই এলাকায় আরো ৩০০ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে।
সামরিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নাইক্ষ্যংছড়ি বাংলাদেশ, মায়ানমার ও ভারতের সীমান্তে অবস্থিত। একদিকে পর্বতময় গহীন অরণ্য এবং অন্য দিকে সমূদ্রপথ। এ অবস্থার কারণে সন্ত্রাসীরা এলাকাটিকে অস্ত্র লুকিয়ে রাখার জন্য ব্যবহার করছে। তবে ৬ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে এলাকায় সন্ত্রাসীদের সব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর বিডিআরের সহায়তায় র্যাব জারুলিয়াছড়ি পাহাড় থেকে ২০টি একে-৪৭ রাইফেল ও সাত হাজার ৭১৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিডিআর ও সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত এক বছরে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি এলাকা থেকে দু’শতাধিক অত্যাধুনিক মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ৬ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়েই উদ্ধার হয়েছে প্রায় একশ’ অস্ত্রশস্ত্র। এ সময় প্রায় ৩৫ হাজার বুলেট ও গুলি উদ্ধার হয়েছে।
