পৃথিবীর সবচেয়ে বয়ষ্ক ছাত্রের প্রথম বিমান যাত্রা
পৃথিবীর সবচে’ বয়স্ক স্কুল ছাত্র কেনিয়ার ৮৫ বছরের বৃদ্ধ কিমানি এনগাংগা মারুগি জীবনে প্রথমবারের মত বিমান ভ্রমনের সুযোগ পেয়েছেন।
অবৈতনিক প্রাথমিক শিক্ষার গুরুত্বের ওপর জাতিসংঘ আয়োজিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট বৈঠকে মূল্যবান বক্তব্য রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।
সবচেয়ে বয়ষ্ক প্রাথমিক শিক্ষার্থী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী মারুগি বলেন, “আমি নিউইয়র্কে উড়ে যাবার সুযোগ পেয়ে খুব আনন্দিত। আমার মনে হচ্ছে, যেন আমি স্বর্গে পৌঁছে গেছি।”
২০০৩ সালে কেনিয়া সরকার অবৈতনিক প্রাথমিক শিক্ষার ঘোষণা দানের পর মারুগি ২০০৪ সালে এলডোরেটের কাপেনদুয়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন।
গ্রেড টু’র ছাত্র হলেও মারুগি এখন ওই স্কুলের প্রধান ছাত্র। তার ৩০ টি নাতি-নাতনির দু’জন ওই স্কুলেই অধ্যয়নরত। অবশ্য তারা মারুগির চাইতে ওপরের ক্লাসে পড়ে।
মারুগি বৃহস্পতিবার নিউইয়র্কের উদ্দেশ্যে নাইরোবি ত্যাগ করেন। আগামী সপ্তাহে তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন।
সফরকালে মারুগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিশ্ব নেতৃবৃন্দকে এইচআই ভি/এইডস প্রতিরোধে কেনিয়াকে সহায়তা প্রদানের আহবান জানাবেন।
মারুগি বলেন, যদি বিল ক্লিনটনের সাথে দেখা হয় আমি তাকে কেনিয়ায় এইডস রোগীদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে বলবো, যেখানে তারা বিনামূল্যে ওষুধ পাবে।
মারুগি আরও বলেন, আমি আমার সন্তানদের জন্য টাকা আনতে একজন ধনাঢ্য আমেরিকান মহিলাকে বিয়েও করতে চাই। গরীব একজন মহিলাকে বিয়ে করার কোন যুক্তি নেই। কারণ আমি নিজেই গরিব।
