নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী টাওয়ার সেলিম (৩২) নিহত হয়েছে।
তার বাড়ি শহরের পশ্চিম মাসদাইর এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও ফতুল্লা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেলিমকে বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আটক করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ পিপিএম (ওসি) বিডিনিউজকে জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সেলিম তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগী সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের ধরতে অভিযানে বের হয়।
শুক্রবার ভেপুলিশ তাকে নিয়ে ফতুল্লা স্টেডিয়ামের পাশে টোক্কার মাঠ এলাকায় পৌঁছালে সেলিমের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সেলিম পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের সময় নারায়ণগঞ্জ থানার এএসআই আকরাম ও কনস্টেবল অপূর্ব আহত হয়।
ওসি সাইফুল্লাহ আরও জানান, অভিযানকালে পুলিশ একটি ৩২-বোরের রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি শার্টার গান উদ্ধার করে।
ফতুল্লা থানার এসআই ইমদাদ জানান, নিহত সেলিমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় তিনটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।
