চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে শিবিরের সশস্ত্র মহড়া, অনির্দিষ্টকালের জন্যে কলেজ বন্ধ ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবির কর্মী প্রহৃত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্যে কলেজ বন্ধ ঘোষণা করেছেন।
উত্তেজনার এক পর্যায়ে শিবিরের ক্যডাররা ক্যম্পাসজুড়ে সশস্ত্র মহড়া দিলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ক্যাম্পাস ত্যাগ করে। সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ এবিএম শাহজাহান করিম জানান, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্যে কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছি।
তিনি জানান, কলেজের মেয়েদের উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ আরও জানান, এর আগে দু’টি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়। এ অবস্থায় কলেজের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্যে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নেতৃবৃন্দ তাদের নেতৃত্বাধীন ছাত্রসংগঠনগুলো কলেজে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করবে না বলে অঙ্গীকার করে। কিন্তু এরপরও বৃহস্পতিবার কলেজ ক্যম্পাসে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়।
