আন্দোলনের হুমকির মুখে বিমানের ৬০% বেতন বৃদ্ধি
আন্দোলনের হুমকির মুখে বিমান বাংলাদেশ এয়ালাইন্স কর্তৃপক্ষ বৈমানিক ও প্রকৌশলীসহ কমকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা প্রায় ৬০ ভাগ বৃদ্ধি করতে যাচ্ছে। এটি সরকার ঘোষিত পে-স্কেলের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানের বৈমানিক ও প্রকৌশলীসহ কমকর্তা-কর্মচারিদের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটি বেতন-ভাতা বৃদ্ধি করার দাবি মেনে নেওয়া না হলে শুক্রবার ভোর ৬টা থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সকল যাত্রীবাহি ফ্লাইট না চালানোর হুমকি দেয়।
খবর পেয়ে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা স্টিয়ারিং কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
বৈঠকে ৬০ শতাংশ বেতন-ভাতা বৃদ্ধির দ্বিপক্ষীয় সমঝোতা হয়। পরে স্টিয়ারিং কমিটি তাদের আন্দোলন প্রত্যাহার করে। বিমান কর্তৃপক্ষ স্টিয়ারিং কমিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।
