চট্টগ্রামের আমিন জুট মিলে অচলাবস্থা, শ্রমিকদের রাস্তা অবরোধ, উৎপাদন বন্ধ
বকেয়া মজুরির দাবিতে নগরীর আমিন জুট মিলের কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক বৃহস্পতিবার সড়ক অবরোধ করে এবং ভাংচুর চালায়।
মিলের একজন মুখপাত্র জানান, প্রায় চার হাজার শ্রমিক তাদের ১৪ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কাজ বন্ধ রাখলে রাষ্ট্রায়াত্ত এ মিলটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টায় মিলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সাড়ে ১০টার দিকে মিলের কাছের রেল ও সড়ক পথ অবরোধ করে।
শ্রমিকরা মিলের জানালার কাঁচ ভাংচুর করে এবং চট্টগ্রাম সেনানিবাস থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনীর একটি উদ্ধারকারী ট্রেন অবরোধ করে রাখে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রোন চলাচল ব্যাহত হয়।
ঘটনার প্রায় দুই ঘন্টা পর সড়ক যোগাযোগ পুনরায় শুরু হয়। তবে বিকেল পর্যন্ত চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল শুরু হয়নি বলে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়।
মিলের পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির আলী বিডিনিউজকে বলেন, মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে দু’পক্ষ কোনও সিদ্ধান্তে উপনীত হতে না পারায় মিলের উৎপাদন এখনও বন্ধ রয়েছে।
তিনি জানান, কর্তৃপক্ষ সিবিএ নেতাদের সাথে পুনরায় আলোচনায় বসার চেষ্টা চালাচ্ছে।
আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ, সিবিএ নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন।
মিলের মহাব্যবস্থাপক বলেন, শ্রমিক সংগঠনগুলোর ওপর সিবিএ নেতাদের কোনও নিয়ন্ত্রণ নেই। বৈঠকে শ্রমিকদের কিছু দাবি মেনে নেওয়ার কথা জানানো হলে কয়েকজন সিবিএ নেতা এতে সম্মতি জানায়। কিন্তু অপর সংগঠনের নেতৃবৃন্দ এর বিরোধীতা করে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে রাতে সিবিএ নেতাদের সাথে পুনরায় বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পর মিলের অবস্থা পুনরায় স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মিলের একটি সূত্র জানায়, এক শিফটের কাজ বন্ধ থাকলে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়।
১৯৫৪ সালে পূর্ণাঙ্গ রাষ্টায়াত্ত এ মিলের উৎপাদন শুরু হয়। মিলটিতে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা কর্মরত আছে।
তবে শ্রমিক সংগঠন সূত্র জানায়, শ্রমিকদের অনেক দিনের মজুরি বাকি থাকায় প্রায়ই মিলটিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
মিলটিতে শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল ও শ্রমিক ফেডারেশনের তিনটি সংগঠন সক্রিয় রয়েছে। তবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক লীগই সিবিএ’র নেতৃত্ব দিয়ে থাকে।
