চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
নগরীর ডবলমুরিং থানাধীন আইস ফ্যক্টরী রোড এলাকায় একটি বেপরোয়া ট্রাক বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় একটি পান দোকানে ধাক্কা দিলে তিন জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হচ্ছে জসিম উদ্দিন, মোতালেব ও সালাম। এদের মধ্যে সালাম দোকান কর্মচারি। অপর দুই জন দোকানের ক্রেতা।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা ট্রাকটি পান দোকানে ধাক্কা দিলে চার জন গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল সাতটায় তিন জনের মৃত্যু হয়।
এই ঘটনায় আহত ফকির আহমদ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
দুর্ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে গেছে।
