নওগাঁয় পুলিশের সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের দুই আঞ্চলিক কমান্ডার নিহত
নওগাঁর বদলগাছি উপজেলায় বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের দুই আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছে।
নিহতরা হল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নওগাঁ সদর আঞ্চলিক কমান্ডার সজল ওরফে সাজ্জাদ ওরফে সিও (৩৫) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার আঞ্চলিক কমান্ডার রুহুল কুদ্দুস রাহুল ওরফে ছোট ভাই (৩২)।
পুলিশ জানায়, বুধবার নওগাঁ পুলিশ ও র্যাবের সোর্স আব্দুল জলিলকে (৩৮) তিলকপুরে গুলি ও জবাই করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় পুলিশ সজল ও রুহুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার রাতে তাদেরকে নিয়ে আদমদিঘীর ছাতিয়ান গ্রাম ও নওগাঁ সদরের দূর্গাপুরে অস্ত্র উদ্ধার করতে যায়। এসময় পুলিশ চারটি তাজা বোমা, একটি এসবিবিএল গান, বেশ কিছু লিফলেট ও পুস্তিকাসহ রাশেদুল ও হারুন নামে আরও দুই চরমপন্থিকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ভোর পাঁচটায় কেশাইলে পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে পুলিশের ক্রসফায়ারে পড়ে সজল ওরফে সাজ্জাদ ও রুহুল কুদ্দুস মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি রাইফেলের গুলি, দুটি পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল এবং একটি ছোরা উদ্ধার করেছে।
নওগাঁ পুলিশ সুপার জামিল আহমেদ জানান, নিহত দুই চরমপন্থি ক্যাডারের বিরুদ্ধে ছাত্রদল নেতা সুভাষ হত্যাসহ সাতটি মামলা রয়েছে। নিহত সজল নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। রুহুল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রামের হবিবর রহমানের ছেলে। লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বদলগাছি থানায় মামলা হয়েছে।
