২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতামাতার ধূমপান এবং মদ্যপানের আসক্তি শিশুদের প্রভাবিত করে

সিগারেট এবং মদের প্রতি পরিবারের সদস্যের আসক্তি, পারিপার্শ্বিক পরিবেশ, সমাজের বিভিন্ন স্তরে এর ব্যবহার কিংবা মিডিয়ার বদৌলতে শিশুদের মধ্যে এসব উপকরন নিয়ে অতি শৈশব থেকেই আগ্রহ জন্মায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 11:07 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পিজি-১৩ কিংবা ‘আর’ মানের ছবি দেখে তাদের মধ্যে কৌতুহল বৃদ্ধি পায় এবং ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। শপিং মলে গেলে তাদের কেনাকাটার পছন্দের তালিকায় চলে আসে মদ কিংবা সিগারেট। একটি মেডিকেল জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা জরিপে এ তথ্য জানা যায়।

ডার্টমাউথ কলেজের ড. মেডলীন এ ডালটন এবং তার সহযোগীরা ধূমপান ও মদ্যপানে অভ্যস্ত পিতামাতা ও তাদের সন্তানদের পর্যবেক্ষণে রেখে দেখেছেন তিন থেকে ছয় বছরের শিশুরা পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে সিগারেট ও মদ্যপানের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং চলচ্চিত্রে এসব দ্রব্যের ব্যবহার দেখে তাদের মধ্যেও অদম্য ইচ্ছা জাগে। পুতুলের বদলে তারা দোকানে গিয়েও মদ ও সিগারেটের অনুসন্ধান করে।

শপিং সেন্টারে গিয়ে ৭৩টি আইটেমের মধ্যে ১৭টি আইটেম শিশুদের পছন্দের তালিকায় আসে। ১২০টি শিশুর মধ্যে জরিপ চালিয়ে দেখা যায়, ৩৪ জন শিশু সিগারেট কেনার ব্যাপারে এবং ৭৪ জন এলকোহল কেনার জন্য অঙ্গুলি হেলন করে।

আর্কাইভস অব পেডিয়েট্রিকস এন্ড অ্যডোলেসেনট মেডিসিন জার্নালে প্রকাশিত জরিপে দেখা যায়, শিশুরা সিগারেট কিংবা অ্যালকোহলের প্রতি অত্যন্ত মনোযোগী। মা-বাবার অভ্যাসই প্রাক স্কুল শিশুদের এসব নিষিদ্ধ দ্রব্যের প্রতি আর্কষণ বাড়ায় এবং পর্দায় কিংবা সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়।