শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধে জাতীয় নীতি প্রণীত হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মানসিক এবং শারিরীক নির্যাতন বন্ধ করতে একটি জাতীয় নীতি প্রনয়ন করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারীরা শিক্ষক হওয়ার যোগ্য নয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতন শুধু অনৈতিক নয়, অবৈধও বটে।
‘শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে আইন প্রনয়ন’ সম্পর্কিত এক গোলটেবিল বৈঠকে তিনি বুধবার এ কথা বলেন। সেভ দি চিলড্রেন, অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় শিশুদের মানবাধিকার রক্ষায় সক্রিয় সংগঠন চাইল্ড পার্লামেন্ট বাংলাদেশ (সিপিবি) জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
ব্যারিস্টার মওদুদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় তাহলে শিশু নির্যাতন বন্ধে একটি জাতীয় নীতি প্রনয়ন করতে আইন মন্ত্রনালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
আইন মন্ত্রী বলেন, শিক্ষকরা যেন কোন অপরাধে জড়িয়ে না পড়তে পারে সেজন্য দেশে বেশ কিছু আইন রয়েছে। এ সব আইন বাস্তবায়ন করা গেলে শিক্ষকদের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, নতুন করে এ সংক্রান্ত কোন আইন করতে গেলে আইনের অপব্যবহার আরও বাড়তে পারে।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন জানান, ইতিমধ্যেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, শিশুদের আর বেত দিয়ে মারা যাবে না।
তিনি বলেন, শিশুদের ওপর নির্যাতন না করার বিষয়টি প্রাথমিক শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমে যুক্ত করা উচিৎ।
সিপিবির আলী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, পুলিশের সাবেক আইজিপি ড. এনামুল হক, মানবাধিকার কর্মী ব্যারিষ্টার রাবেয়া ভুইয়া, অ্যাডভোকেট এলিনা খান, এবং চাইল্ড পার্লামেন্টের সদস্যরা।
