২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের ৫ হাজার ৫৬৬টি পদ এখনও রাজস্ব খাতে স্থানান্তরিত হয়নি

আইডিএ’র সাহায্যপুষ্ট দেশের তিনটি বিভাগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের পাঁচ হাজার ৫০৬ জন শিক্ষকসহ মোট পাঁচ হাজার ৫৬৬টি পদের জনবল গত এক বছরেও রাজস্ব খাতে স্থানান্তরিত হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তারা ২০০৪ সালের জানুয়ারি মাস থেকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সংস্থাপন মন্ত্রণালয় ২০০৪ সালের ২২ মে ১৭টি পদ এবং ২০০৪ সালের ৩ আগস্ট ৫ হাজার ৫৪৯টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুমোদন দেয়।

অর্থ মন্ত্রণালয় ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ এ বিষয়ে সম্মতি দেয়। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও পরিদর্শন অনুবিভাগ, বাস্তবায়ন শাখা বেতন স্কেল নির্ধারণ করে সচিব কমিটিতে প্রেরণ করে।

সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে ফাইল প্রধানমন্ত্রীর স্বাক্ষরের জন্য তার কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী ওই ফাইলে স্বাক্ষর করলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে।

জানা গেছে, ওই প্রকল্পের ৬০ শতাংশ জনবল মহিলা।

প্রকল্পের ৫,৫৬৬ জনের মধ্যে ৫,৫৪৯ জন প্রাথমিক শিক্ষক। ২০০১ সালে দুই ধাপে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।