ফেনীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, আটটি ট্রেন আটকা, যাত্রীদের দূর্ভোগ
ফেনীতে মঙ্গলবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় ১০০ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে রেল লাইনের দুদিকে কমপক্ষে আটটি ট্রেন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ওই আটকা পড়া ট্রেনগুলোর কয়েক হাজার যাত্রী দূর্ভোগের কবলে পড়ে।
রেল কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ফেনীর মুহুরীগঞ্জ ও ফাজিলপুরের মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলের প্রায় একশ’ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর চট্টগ্রাম ও ফেনীসহ বিভিন্ন স্থানে কর্ণফুলি, পাহাড়িকা, মহানগর, গোঁধুলি, মেঘনা, তুর্ণা নিশিথা ও সাগরিকা এক্সপ্রেস সহ আটটি ট্রেন আটকা পড়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইন সংস্কার করে চলাচল স্বাভাবিক করতে সারারাত লাগতে পারে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে চট্টগ্রাম থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
