দুর্নীতি দমন কমিশনে কাস্টমস ও আয়কর বিভাগ থেকে প্রেষণে লোক নিয়োগের সিদ্ধান্ত, ক্ষোভ
দুর্নীতি দমন কমিশন কাস্টমস ও আয়কর বিভাগ থেকে প্রেষণে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, কমিশনের অর্গানোগ্রাম অনুযায়ি বিলুপ্ত ব্যুরোর জনবল থেকে যাচাই বাছাই করে লোক নিয়োগের কথা থাকলেও কমিশন ‘দুর্নীতির শীর্ষ প্রতিষ্ঠান কাস্টমস ও আয়কর’ বিভাগের লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
তাদের অভিযোগ প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের জন্যই দুর্নীতি দমন ব্যুরোর ইমেজ ক্ষুন্ন হয়েছিলো।
সূত্র জানায়, বিভিন্ন রাজনৈতিক মহলকে খুশি রাখতে কমিশন কাস্টমস ও আয়কর বিভাগের পাঁচ জন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুত্র আরো জানায়, সম্প্রতি কমিশনের সাথে সংযুক্ত হওয়া ৫০ কর্মকর্তা-কর্মচারিকে নিয়োগ দেয়া হয়েছে যাচাই বাছাই না করে। এদের অনেককেই বিভিন্ন মহলের তদবিরে নিয়োগ দেয়া হয়।
এদিকে মঙ্গলবার এক বৈঠকে দুর্নীতি দমন কমিশনে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ সংক্রান্ত যাচাই বাছাই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।
