২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় স্মারক স্বাক্ষরে একমত হলেও তিন শর্ত পূরণে ভারতের সাথে ঐকমত্য হয়নি বাংলাদেশের

বহুল আলোচিত ত্রিদেশীয় পাইপ লাইন প্রকল্পের জন্যে ‘রাইট অব ওয়ে’ দেওয়ার জন্যে ভারতকে বাংলাদেশের দেওয়া তিন শর্ত পূরণের পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে কোনো ঐকমত্য হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তবে উভয় পক্ষই মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপ লাইন প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনা এবং ভুটান ও নেপালের সাথে যানবাহন চলাচল ও বিদ্যুৎ সঞ্চালন করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় নাকি দ্বিপক্ষীয় চুক্তি হবে, তা নিষ্পত্তির জন্যে উভয় পক্ষ নিজেদের মন্ত্রিসভায় আলোচনার কথা জানিয়েছে।

সোমবার ভারতের সফররত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মনি শংকর আয়ার এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মধ্যে বৈঠকের পর উভয় মন্ত্রী তাদের অবস্থান তুলে ধরেছেন।

সফররত ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মনি শংকর আয়ার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে আলোচনায় ত্রিদেশীয় পাইপ লাইন প্রশ্নে অগ্রগতি হয়েছে। কিন্তু তিনটি শর্ত পূরণের বিষয়টি ভারত দ্বিপাক্ষিক ভিত্তিতে করার পক্ষে।

এ প্রসঙ্গে তিনি মায়ানমারে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া ত্রিপক্ষীয় এবং দ্বিপক্ষীয় বিবৃতির কথা তুলে ধরেন।

অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের করিডোর ব্যবহার করেই ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন করতে চায়। কিন্তু তিন শর্ত পুরণে ভারত আন্তরিক হলেও তা করতে চায় দ্বিপাক্ষিক ভিত্তিতে। যা ইতোমধ্যে প্রণীত খসড়া সমঝোতা স্মারকের পরিপন্থী। আর আমাদের অবস্থান ত্রিপক্ষীয় ভিত্তিতেই এর সমাধান করা।

শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ আলোচনায় ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মনি শংকর আয়ার। তাকে সহায়তা করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীনা সিক্রি, পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তালমিজ আহমেদ, যুগ্ম্ সচিব (লিগ্যাল) শ্রী বাস্তব এবং গ্যাস অথিরিটি অব ইন্ডিয়া লি:’র (জিএআইএল) চেয়ারম্যান প্রশান্ত ব্যানার্জি।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। তাকে সহায়তা করেন জ্বালানি সচিব এএমএম নাসির উদ্দিন, অতিরিক্ত সচিব এহসান উল ফাত্তাহ, পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানী প্রমুখ।

বৈঠকে মানব সম্পদ, বিশেষ করে কয়লা খাতে জনবল উন্নয়নে ভারতের কাছে প্রশিক্ষণ, কারিগরি সুবিধা প্রদান, হাইড্রোকার্বন অনুসন্ধানে দু’দেশের কোম্পানির মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

একটি সূত্র জানায়, আলোচনায় ভারতীয় পক্ষ বাংলাদেশের রাইট অব ওয়ে ব্যবহার করে পাইপ লাইন নির্মাণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তবে শর্ত তিনটি বাস্তবায়ন নিয়ে যে ভিন্ন মত দেখা দিয়েছে, তা দ্রুত নিরসন হতে পারে বলে বৈঠক সূত্রে আভাস পাওয়া গেছে।

ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণে দেশীয় প্রতিষ্ঠান মোহনা হোল্ডিং লিমিটেড এর প্রস্তাবের উপর ভিত্তি করে গত জানুয়ারিতে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে সকল পক্ষ এ পাইপ লাইন নির্মাণে নীতিগতভাবে সম্মত হন।

পরে এ কাজ এগিয়ে নেয়ার জন্যে তিন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনো কমার্শিয়াল কমিটি গঠন করা হয়। কমিটি গত ফেব্রুয়ারি মাসে মায়ানমারে বসে খসড়া এমওইউ চূড়ান্ত করে। এটি বর্তমানে স্বাক্ষরের অপেক্ষায়। ভারত বাংলাদেশের তিন শর্ত পূরণে সম্মত হয়ে এ খসড়া চূড়ান্ত করেছিল।

অবশ্য আজকের বৈঠকে ভারত এ খসড়া এমওইউ থেকে তাদের অবস্থান সরিয়ে নিতে সচেষ্ট হলেও বাংলাদেশ তার অবস্থানে অনড় ছিল। তবে মাহমুদুর রহমান বলেন, আয়ারের বাংলাদেশ সফর একটি শুভ সূচনা।

পরে ভারতের সফররত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মনিশংকর আয়ার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নয়নে আগ্রহী ভারত। ভারতের পক্ষ থেকে দু’দেশের জনগণের কল্যাণের লক্ষ্যে এ সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তার প্রস্তাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

আলাপকালে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় স্থান পায়।

ভারতের মন্ত্রী সে দেশের পেট্রোলিয়াম ইন্সটিটিউটে বাংলাদেশের এ খাতের লোকজনের প্রশিক্ষণের প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার মাধ্যমে শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে তার সঙ্গে দেখা হবে।

মনিশংকর আয়ার খালেদা জিয়াকে ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা আবারো উল্লেখ করেন।

এর আগে সফররত ভারতীয় মন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

এ সময় দু’ নেতা ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অর্থমন্ত্রী সাইফুর রহমান তাকে জানান, ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।

তিনি বলেন, প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের এখনই চূড়ান্ত সময় এবং এখন চুক্তি স্বাক্ষরিত হলেও কার্যক্রম শুরু করতে আরও আড়াই বছর লাগবে।

পরে মনি শংকর আয়ার সাংবাদিকদের বলেন, আমি আশা নিয়ে দেশে ফিরে যাচ্ছি। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছে। তাদের সাথে বৈঠকের সাফল্যের ব্যাপারে আমি আমার সরকারকে অবহিত করব।

আয়ার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিশেষ করে ট্রানজিট রুট ও রোড নেটওয়ার্কের ব্যাপারে প্রস্তাব দিলে আমরা তাদের চাহিদা পূরণ করব।

তিনি বলেন, দুপক্ষের মধ্যে প্রধান ইস্যুতে ঐকমত্য হয়েছে, কিন্তু কিছু দ্বিপাক্ষিক বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্যে আলোচনা প্রয়োজন।

পাইপলাইন ইস্যুতে আলোচনার ক্ষেত্রে স্বচ্ছতা ও খোলাখুলি মত প্রকাশের অভাব লক্ষ্য করেছেন সাইফুর রহমান। খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক বিশ্বাসের অভাবে খোলামেলা আলোচনা হচ্ছে না।

নেপালের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা প্রতিষ্ঠার ব্যাপারে ভারত রাজি থাকলেও সাইফুর রহমান সংকীর্ণ ও খারাপ সড়ক ব্যবস্থাসহ অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করেন।

পরে সফররত ভারতের জ্বালানী ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী মনি শংকর আয়ার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী এক বৈঠক করেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মনি শংকর আয়ার বলেন, এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তায় ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভারত, বাংলাদেশ এবং মায়ানমার তিনটি দেশই ত্রিদেশীয় পাইপ লাইনের ব্যাপারটির প্রশংসা করেছে এবং সবাই একমত। এ অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম।

তিনি এসময় ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এক বৈঠকে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের যৌথ সংবাদ বিবৃতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইনের ব্যাপারে অগ্রগতি হচ্ছে।

ভারতের জ্বালানি মন্ত্রী বলেন, আমি আমার মতামত তাকে জানিয়েছি এবং মাননীয় মন্ত্রীর কথাও মনোযোগ দিয়ে শুনেছি। হাইড্রোকার্বন সেক্টরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশা করেন। জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি এ ব্যাপারে কথা বলবেন বলে জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়ারের সাক্ষাতের সময় বেলা সোয়া এগারোটায় নির্ধারিত থাকলেও পায়ের আঘাতের কারণে প্রায় ঘন্টাখানেক দেরিতে হুইলচেয়ারে করে তিনি উপস্থিত হন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি,পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান এবং পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।