১৭ আগস্ট বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে জয়পুরহাটে আরও ২ জন গ্রেফতার
জয়পুরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে সদর থানা পুলিশ সোমবার আরও দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত রাশেদুল হাসান রাসেল (২২) সদর থানার ধানমুন্ডি এলাকার ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদের পুত্র এবং আবুল ফজল এহসান হাবীব (২৩) শহরের প্রফেসর পাড়ার ব্যবসায়ী মোজাম্মেল হকের পুত্র। তারা উভয়েই স্নাতক শ্রেণীর ছাত্র।
সূত্র আরো জানায়, ২০০১ সালের ২০ অক্টোবর গ্রেফতারকৃতরাসহ ৫/৬ জন যুবক বেসরকারি স্বেচ্ছসেবী সংস্থা ‘জাকস’ অফিসে হামলা চালায়। এরা সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আমীন দুকুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে এবং অফিসে উপস্থিত আবুল কালাম আজাদকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। বিস্ফোরক মামলাটির নিস্পত্তি হলেও অপর মামলাটি জয়পুরহাটে বিচারাধীন রয়েছে।
১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত জেলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
