ত্রিদেশীয় পাইপ লাইন: সমঝোতা স্মারক স্বাক্ষরে বাংলাদেশ ও ভারতের ইতিবাচক মনোভাব
বহুল আলোচিত ত্রিদেশীয় পাইপ লাইন প্রকল্পের জন্যে রাইট অব ওয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের দেওয়া তিন শর্ত পূরণের পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে কোনো ঐকমত্য হয়নি।
কিন্তু উভয় পক্ষই মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপ লাইন প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনা এবং ভুটান ও নেপালের সাথে যানবাহন চলাচল ও বিদ্যুৎ সঞ্চালন করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় নাকি দ্বিপক্ষীয় চুক্তি হবে, তা নিষ্পত্তির জন্যে উভয় পক্ষ নিজেদের মন্ত্রিসভায় আলোচনার কথা জানিয়েছে।
আজ সোমবার ভারতের সফররত পেট্রোলিয়াম ও ন্যাচারাল রির্সোস মন্ত্রী মনি শংকর আয়ার এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মধ্যে বৈঠকের পর উভয় মন্ত্রী তাদের অবস্থান তুলে ধরেছেন।
সফররত ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস রির্সোস মন্ত্রী মনি শংকর আয়ার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনায় ত্রিদেশীয় পাইপ লাইন প্রশ্নে অগ্রগতি হয়েছে। কিন্তু তিনটি শর্তপূরণের বিষয়টি ভারত দ্বিপাক্ষিক ভিত্তিতে করার পক্ষে। এ প্রসঙ্গে তিনি মায়ানমারে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া ত্রিপক্ষীয় এবং দ্বিপক্ষীয় বিবৃতির কথা তুলে ধরেন।
অন্যদিকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের করিডোর ব্যবহার করেই ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন করতে চায়। কিন্তু তিনশর্ত পুরণে ভারত আন্তরিক হলেও তা করতে চায় দ্বিপাক্ষিক ভিত্তিতে। যা ইতোমধ্যে প্রণীত খসড়া সমঝোতা স্মারকের পরিপন্থী। আর আমাদের অবস্থান ত্রিপক্ষীয় ভিত্তিতেই এর সমাধান করা।
শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ আলোচনায় ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মনিং শংকর আয়ার। তাকে সহায়তা করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীনা সিক্রি, পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তালমিজ আহমেদ, যুগ্ম্ সচিব (লিগ্যাল) শ্রীবাস্তব এবং গ্যাস অথিরিটি অব ইন্ডিয়া লি. (জিএআইএল)’র চেয়ারম্যান প্রশান্ত ব্যানার্জি।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। তাকে সহায়তা করেন জ্বালানি সচিব এএমএম নাসির উদ্দিন, অতিরিক্ত সচিব এহসান উল ফাত্তাহ, পেট্রোবাংলার চেয়ারম্যান এস আর ওসমানী প্রমুখ।
বৈঠকে মানব সম্পদ, বিশেষ করে কয়লা খাতে জনবল উন্নয়নে আমরা ভারতের কাছে প্রশিক্ষণ কারিগরি সুবিধা প্রদান, হাইড্রোকার্বন অনুসন্ধানে দু’দেশের কোম্পানির মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
একটি সূত্র জানায়, আলোচনায় ভারতীয় পক্ষ বাংলাদেশের রাইট অব ওয়ে ব্যবহার করে পাইপ লাইন নির্মাণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তবে শর্ত তিনটি বাস্তবায়ন নিয়ে যে ভিন্ন মত দেখা দিয়েছে, তা দ্রুত নিরসন হতে পারে বলে বৈঠক সূত্রে আভাস পাওয়া গেছে।
ত্রিদেশীয় পাইপ লাইন নির্মাণে দেশীয় প্রতিষ্ঠান মোহনা হোল্ডিং লিমিটেড এর প্রস্তাবের উপর ভিত্তি করে গত জানুয়ারিতে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে সকল পক্ষ এ পাইপ লাইন নির্মাণে নীতিগতভাবে সম্মত হন।
পরে এ কাজ এগিয়ে নেয়ার জন্যে তিন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনো কর্মাশিয়াল কমিটি গঠন করা হয়। কমিটি গত ফেব্রুয়ারি মাসে মায়নারামে বসে খসড়া এমওইউ চূড়ান্ত করে। এটি বর্তমানে স্বাক্ষরের অপেক্ষায় আছে। ভারত বাংলাদেশের তিন শর্ত পূরণে সম্মত হয়ে এ খসড়া চূড়ান্ত করেছিল।
অবশ্য আজকের বৈঠকে ভারত এ খসড়া এমওইউ থেকে তাদের অবস্থান সরিয়ে নিতে সচেষ্ট হলেও বাংলাদেশ তার অবস্থানে অনড় ছিল। তবে মাহমুদুর রহমান বলেন, আয়ারের বাংলাদেশ সফর একটি শুভ সূচনা।
