শেরপুরে হাবিবুর রহমান হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাঞ্চল্যকর হাবিবুর রহমান হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত।
শেরপুরের অতিরিক্ত দায়রা জজ নবাবুর রহমান রোববার এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, খুঁজিউরা গ্রামের জাহের উদ্দিনের পুত্র ফজলুল হক কালু (৪৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, কালুর দুই ভাই আকবর আলী (৫০) ও রবিউল আওয়াল (৪০) এবং তাদের ভাতিজা মোফাজ্জল হোসেন (৩০)।
মামলার অপর ১৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে দণ্ডপ্রাপ্তরা ২০০০ সালের ১ মে খুঁজিউরা গ্রামের হাবিবুর রহমানকে (৪০) নৃশংসভাবে খুন করে।
ঘটনার পর নিহতের মামা দলিল উদ্দিন বাদী হয়ে ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২৩ জনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করে।
১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ উল্লেখিত রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. আব্দুল খালেক। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট মোতাহার হোসেন ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান।
