২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট’র বোমা হামলা: এ পর্যন্ত গ্রেফতার ৩০০ জন

১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে এ পর্যন্ত সরকার মোট ৩০০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আটক রয়েছে ২০৩ জন। ওই বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ১৫২টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে মন্ত্রণালয়ে রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী র্যাবকে সারা দেশে ব্লক রেইড আরো জোরদার করার নির্দেশ দেন। সভায় আসন্ন রমজান ও দূর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশে আইন--শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করার বিষয়েও আলোচনা হয়।

এতে রমজান মাসের আগেই  রাজধানীর সকল মার্কেটে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র রমজান মাসে যানজট সহনীয় পর্যায়ে আনার জন্যে মাসব্যাপী ‘ট্রাফিক মাস’ পরিচালনার জন্যে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন।

এতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফররাজ খান, আইজিপি, ডিএমপি কমিশনার, বিডিআর, আনসার ও র্যাব’র মহাপরিচালক, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট প্রমুখ উপস্থিত ছিলেন।