২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার তিতাস উপজেলার ৩০০ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বঞ্চিত

কুমিল্লার নবগঠিত তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের দুধঘাটা গ্রামের তিনশ’ গ্রাহক দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিদ্যুতের লাইন টানার পরও তাদের ড্রপ লাইন ও মিটার সংযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এলাকাবাসী জানায়, ২০০২ সালে এলাকাবাসীর পক্ষে জনৈক ছিদ্দিকুর রহমান স্থানীয় এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সুপারিশসহ প্রয়োজনীয় কাগজপত্র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- এক, চান্দিনা বরাবর জমা দেন। কিন্তু নয় নং মজিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোহাম্মদ নজরুল (আইয়ুব আলী খান), এলাকার সাবেক মেম্বার আব্বাস আলী ও বারেকসহ আরও কয়েকজন মিলে গোপনে ট্যাকিংয়ের লোকদের সাথে যোগসাজশে এলএলপি লাইন বাদ দিয়ে দেয়। পরবর্তীতে এ বছর স্বাস্থ্যমন্ত্রীর সুপারিশসহ আবার আবেদন জানালে বিদ্যুৎ লাইনের জন্য খুঁটি ও লাইন টানা হয়।

এ ঘটনায় ছিদ্দিকুর রহমান ও আব্বাস আলীর সাথে যোগাযোগ করা হলে তারা পরস্পরকে বিভিন্নভাবে দায়ী করেন। 

এ ব্যাপারে চান্দিনায় যোগাযোগ করা হলে সমিতির জেনারেল ম্যানেজার (চান্দিনা) জানান, ছিদ্দিকুর রহমানের আবেদন বাতিল করা হয় নাই। মিটার এলেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে ও মিটার লাগানো হবে।