২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ২০ জনকে খুঁজছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণকালে চট্টগ্রামে হামলার সঙ্গে জড়িত ২০ জনকে খুঁজছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তারা জানায়, এ পর্যন্ত গ্রেফতারকৃতদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী বলে তারা নিশ্চিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

চট্টগ্রামে বোমা হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সদরুল আলম, আহমদ মিয়া, আবদুর সাত্তার মোল্লা, আরশাদুল আলম এবং জাহাঙ্গীর আলম।

তাদের জিজ্ঞাসাবাদের জন্যে গঠিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ টিমের প্রধান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপÑ পুলিশ কমিশনার আলী আকবর খান বিডিনিউজকে বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রামে বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীও রয়েছে। তার সহযোগী হিসেবে আরও ২০জন কাজ করেছে।

এ ২০জন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রামে গ্রেফতারকৃত পাঁচজনকে সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে বোমা হামলার পরিকল্পনা এবং হামলাকারীদের সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যায়নি। সাত দিনের  রিমান্ড শেষ হলে প্রয়োজনে এ পাঁচজনকে আবারো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ইতোমধ্যে চট্টগ্রামে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংক একাউন্টের সন্ধান পাওয়া গেছে। তদন্তকারীরা আগ্রাবাদ ইসলামী ব্যাংকের এ একাউন্টের বিপুল পরিমাণ টাকার উৎস কী এবং এ টাকা কোথায় খরচ করা হয়েছে, তা খতিয়ে দেখছে।

এ একাউন্টের কাগজপত্র জব্দ করার জন্যে পুলিশ আদালতের অনুমতি চেয়েছে। তবে একাউন্টের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তদন্ত টিমের প্রধান উপ- পুলিশ কমিশনার আলী অকবর খান। ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তারাও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।