২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও বিএটি’র বাংলাদেশ শাখার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে সমন জারি

ধূমপানে উৎসাহিত করে এমন ক্যাপশন ও বিজ্ঞাপন প্রকাশের দায়ে ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক এএইচএম মোয়জ্জেম হোসেন ও ব্রিটিশ আমেরিকান টোবাকো’র (বিএটি) বাংলাদেশ শাখার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম মাঈন উদ্দিনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিমের আদালত সমন জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

শনিবার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৫(১) (গ) ধারা  ভঙ্গের অভিযোগে ৫(৫) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সরকারি পরিচালক ডা. মিয়া বেলায়েত হোসেন।

মামলার আর্জিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ পাশ হওয়ার পর চলতি বছরের ২৬ মার্চ থেকে বাংলাদেশে প্রকাশিত কোনও বই, ম্যাগাজিন, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড, খবরের কাগজ বা ছাপানো কাগজে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ মুদ্রণ বা প্রকাশ করা বেআইনি। কিন্তু দুঃখজনকভাবে অভিযুক্তরা পরস্পর যোগাসাজশে জনস্বাস্থ্যে প্রণীত আইনকে বিতর্কিত করা এবং জনমনে ধূমপানকে উৎসাহিত ও সেইসাথে আইন অমান্য করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগস্ট মাসের ২১ তারিখে পত্রিকাটির অষ্টম পৃষ্ঠায় ক্যাপশন ও বিজ্ঞাপন প্রকাশ করেছে যা শাস্তিযোগ্য।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা খান বাদির পক্ষে মামলার শুনানি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্টেট এজেএম আবদুল্লাহ হেল বাকী মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন।