আদালতে শীর্ষ সন্ত্রাসীর প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে
নারায়ণগঞ্জের একজন শীর্ষ সন্ত্রাসী অন্য একলোককে আদালতে হাজির করে জামিন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আদালত গত বুধবার লিটন নামে একজন সন্ত্রাসীকে জেল হাজতে প্রেরণ করলেও গত বৃহস্পতিবার বিকেলে লিটনকে সোনারগাঁও চৌরাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, আদালত গত বুধবার লিটন নামে যে ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে, তার মূলত লিটন নয়। বর্তমানে জেল হাজতে লিটন নামে অবস্থানকারী ব্যক্তি আসলে লিটনের সহযোগী সেলিম। শনিবার পুনরায় এ মামলার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।
অনুসন্ধান করে আরও জানা যায়, ক্ষমতাসীন দলের কয়েকজন শীর্ষ আইনজীবীর সহায়তায় সোনারগাওয়ের শীর্ষ সন্ত্রাসী লিটন
এ কাজ করেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সোনারগাও ও বন্দর থানায় ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। সম্প্রতি ঢাকা চট্ট্রগাম মহসড়কে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেলে র্যাব লিটনকে গ্রেপ্তার করতে তৎপর হয়ে উঠে। র্যাবের তৎপরতা বৃদ্ধি পেলে লিটন জামিনের চেষ্টা চালায়। কিন্তু র্যাবের ভয়ে নিজে আদালতে উপস্থিত না হয়ে তার সহযোগী সেলিমকে লিটন সাজিয়ে আদালতে উপস্থিত করা হয়। আদালত জামিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
