২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের প্রতি হুমকিতে আইএফজে’র উদ্বেগ

রাজনৈতিক স্পর্শকাতর প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকরা হুমকির সম্মুখীন হওয়ায় আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

আইএফজে সভাপতি ক্রিস্টোফার ওয়ারেন বলেন, সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম নিয়ে যাতে সংবাদ প্রকাশ করা না হয়, সেজন্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর অব্যাহত হামলার হুমকি দেয়া হচ্ছে। এটি সহ্য করা যায় না।

তিনি এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের প্রতি রাজনৈতিক দলগুলোর চলমান বিদ্বেষের কারণে তাদের অবাধে ও স্বাধীনভাবে প্রতিবেদন তৈরির অধিকার খর্ব হচ্ছে। এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ক্রিস্টোফার ওয়ারেন বলেন, যারা সর্বোচ্চ ক্ষমতায় রয়েছেন তাদের উচিত সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান দেখানো। তাই সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন কোনও হুমকিতে তাদের চোখ বন্ধ করে থাকা উচিত নয়।

বাগেরহাটে ২৪ আগস্ট বিভিন্ন সংবাদপত্রের স্থানীয় সাত প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। তাতে স্থানীয় সাংসদের বিরুদ্ধে না লেখার জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়। 

মানবজমিনের প্রতিনিধি হাসানুল কাইয়ুম, প্রথম আলোর আহাদ হায়দার, জন্মভূমির রব মোল্লা, জনকণ্ঠের বাবুল সর্দার, বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের (এনএনবি) নিহার সাহা, আমার দেশের জাকারিয়া মাহমুদ ও সংবাদের আজাদুল হককে এ হুমকি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, তারা যদি আপোস না করেন, তবে তাদের ওপর হামলা চালানো হবে এবং তাদের কর্মস্থল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। 

গণমাধ্যমের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় আইএফজে।

আইএফজে বিশ্বের ১১০টি দেশের পাঁচ লাখ সাংবাদিকের প্রতিনিধিত্বকারী সংগঠন।