বেগমগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়ন থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী মরিয়মের নেছা (১৭)কে বেগমগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত ১১টায় সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছাপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তারা এসময় অপহরণের মূলহোতা হারুন (২২) এবং তার সহযোগী দিদারুল আলম পারেভজ (২১), মো. বাহার (১৯), মো. আজাদ (১৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তী অনুযায়ী অহরণকালে ব্যবহৃত থ্রি--কোয়ার্টার এলজিসহ আবুল কাসেম নামে তার আরও একসহযেগীকে রাত আড়াইটায় গ্রেফতার করা হয়। এব্যাপারে বেগমগঞ্জ থানায় একটি অপহরণ মামলা এবং সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের তিন মামলার পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী হারুন দীর্ঘদিন থেকে তার প্রতিবেশী বসন্তেরবাগ মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী মরিয়মের নেছাকে প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সে রাজী না হওয়ায় বৃহস্পতিবার রাত ৯টায় হারুন সাতজন সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মুখে মরিয়মকে অপহরণ করে মাইক্রোবাসে করে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইচাপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে নিয়ে আটকে রাখে। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে এবং অপহৃতের পরিবার বেগমগঞ্জ থানায় খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে অহরণকারীদের গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করে।
