৪ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
রাজধানীর ডেমরা এলাকার আশপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র ও মেঘনা উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব পার্বত্যাঞ্চলের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এ ২৪ ঘন্টায় গঙ্গা উপকূলবর্তী এলাকায় কোনও বৃষ্টিপাত হয়নি।
এসময় টেকনাফে ৬৫ মি.মি, লামায় ৫৩ মি.মি. এবং বগুড়ায় ৩৯ দশমিক ৫ মি.মি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের নদ-নদীর ৮৬টি পয়েন্টের মধ্যে ৩২টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৪টি স্থানে কমেছে, তিনটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং সাতটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গঙ্গা-পদ্মার পাঙ্খা পয়েন্টে নয় সে.মি এবং রাজশাহী পয়েন্টে সাত সে.মি. পানি হ্রাস পেয়েছে। অন্যদিকে হার্ডিঞ্জ ব্রিজের কাছে দুই সে.মি এবং গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে সাত সে.মি. করে পানি বৃদ্ধি পেয়েছে। পাঙ্খা পয়েন্টে পদ্মা ৩২ সে.মি এবং গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে ৬৫ সে.মি. ও ৩৯ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
চাঁদপুর পয়েন্টে মেঘনার পানি আরও ১০ সে.মি. বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে এ স্থানে পানি বিপদসীমার ১৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
