২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সেনা অভিযান অব্যাহত, একে ৪৭ সহ চার ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার

খাগড়াছড়িতে ক্রমবর্ধমান সন্ত্রাস দমনে পরিচালিত সেনা অভিযানে মাত্র তিনদিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এলাকায় ত্রাস সৃষ্টিকারী চারজন দুর্ধর্ষ ইউপিডিএফ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোনের মেজর মোয়াজ্জেমের নেতৃত্বে পরিচালিত টহল দল বৃহস্পতিবার ভোরে মাইছছড়ি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে মানিকছড়িমুখ নামক এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় হানা দেয়। টহল দল গভীর অরণ্যের পাহাড়ি ঢালুতে অবস্থিত ঝুমঘর চারিদিক থেকে ঘিরে ফেললে চারজন সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদসহ ধরা পড়ে। আটককৃত সন্ত্রাসীরা যথাক্রমে কালাচাঁন চাকমা (৪০) পিতা: নন্দীকুমার চাকমা গ্রাম নোয়াপাড়া, মানিকছড়ি; রিপন চাকমা (১৮) পিতা: সোনারঞ্জন চাকমা গ্রাম শিব মন্দির, খাগড়াছড়ি; কান্তি চাকমা (৩৬) পিতা পরীক্ষিত চাকমা গ্রাম ঠাঁকুরপাড়া, খাগড়াছড়ি; বাইচ্ছাধন চাকমা (৩৮) পিতা বাইল্লা চাকমা গ্রাম ঠাঁকুরপাড়া, খাগড়াছড়ি। সন্ত্রাসীদের কাছ থেকে ১ টি একে-৪৭, ১টি এসবিবিএল গান (ইউএসএ), ২টি এলজি গান, ১টি রিভলবার, ৪টি এসবিবিএল গানের কার্টিজ, ৭টি একে-৪৭ এর গুলিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে খাগড়াছড়ির সব এলাকায় সেনা অভিযান অব্যাহত রয়েছে।