২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক শাসন সংক্রান্ত হাইকোর্টের রায় ২ মাসের জন্যে স্থগিত

পঁচাত্তর পরবর্তী সামরিক শাসন এবং সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার স্থগিতাদেশের মেয়াদ দু’মাস পর্যন্ত বাড়িয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা পিটিশনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছির হুসাইন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি ফজলুল করিম, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে সরকারকে এসময়ের মধ্যে নিয়মিত আপিল আবেদন দায়ের করারও নির্দেশ দিয়েছেন।

হাইকোর্ট সোমবার সংবিধানের পঞ্চম সংশোধনী এবং খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জেনারেল জিয়াউর রহমানের সরকারকে অবৈধ, বেআইনি ও সংবিধানবহির্ভূত ঘোষণা করেন। এ তিন নেতা সামরিক আইন জারি করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত দেশ শাসন করেছিলেন।

বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তাদের সকল কার্যক্রম ও সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ, সংবিধানবহির্ভূত এবং বেআইনি বলে ঘোষণা করেন।

এছাড়া সংবিধানের স্থান সকল কিছুর উর্ধ্বে উল্লেখ করে হাইকোর্ট তার রায়ে ২২ দফা অভিমত প্রদান করেন।

হাইকোর্টের রায়ের পর সরকারের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সোমবার মধ্যরাতেই আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী হাইকোর্টের ওই রায় স্থগিত করেন।

অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী আপিল বিভাগের কাছে বলেন, হাইকোর্ট সংবিধানবহির্ভূতভাবে এর পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

তিনি বলেন, পঞ্চম সংশোধনীটি সংসদে পাস হয়েছে এবং এটি সংবিধানের একটি অংশ। আপিল বিভাগ এর আগে যেহেতু পঞ্চম সংশোধনীর ব্যাপারে তার মতামত দিয়েছেন, তাই হাইকোর্ট এ বিষয়ে রায় দিতে পারেন না।

এজে মোহাম্মদ আলী আরও বলেন, সংবিধানের সকল সংশোধনী বৈধ এবং কোনও সংশোধনী বাতিল করার এখতিয়ার হাইকোর্টের নেই।

তিনি হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন জানান।

তিনি বলেন, হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর আমরা যত শিগগির সম্ভব সুপ্রিম কোর্টের শুনানিতে আমাদের বক্তব্য তুলে ধরবো।

আবেদনকারীর পক্ষে আজমালুল হোসেন কিউসি আদালতকে বলেন, হাইকোর্ট তার রায়ে সরকারের প্রতি কোনো আদেশ বা নির্দেশনা দেননি, তাই তড়িঘড়ি করে এ রায় স্থগিত করার কিছু নেই।

তিনি বলেন, এটি এমন কোনও জরুরি বিষয় নয়, সরকারকে তড়িঘড়ি করে নাটকীয়ভাবে মধ্যরাতে হাইকোর্টের রায় স্থগিত করতে হবে।

সরকার ১৯৭২ সালে ঢাকার ওয়াইজঘাটের মুন সিনেমা হলের জমি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ওই সম্পত্তি প্রদান করে।

জমির মালিকানা ফিরে পেতে মালিক মাকসুদ আলম হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট ১৯৭৭ সালে আবেদনকারীকে ওই জমি ফিরিয়ে দেওয়ার জন্যে সরকারকে নির্দেশ দেন।

তবে সরকার ১৯৭৭ সালের সামরিক আইন অনুযায়ী হাইকোর্টের ওই রায়কে অকার্যকর উল্লেখ করে জমির মালিককে তার জমি হস্তান্তর করা থেকে বিরত থাকে।

পরে ১৯৯৪ সালে মাকসুদ আলম পুনরায় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তবে তখন হাইকোর্ট ওই রিট পিটিশন খারিজ করে দেন।

বর্তমানে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ ২০০০ সালে সামরিক আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

হ্ইাকোর্ট এ ব্যাপারে সরকারের প্রতি একটি রুল জারি করেন।

ওই রুলের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট দু’মাসের মধ্যে আবেদনকারীকে জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্যে সরকারকে নির্দেশ দেন।

সরকার পক্ষে আদালতে আবেদনটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান এবং ফিদা এম কামাল। তাদের সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরীসহ অন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলগণ। অপরদিকে আবেদনকারীর পক্ষে আবেদনটি পরিচালনা করেন আজমালুল হোসেন কিউসি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ।