ঢাকায় ছিনতাইকারীদের গুলিতে ভারতীয় নাগরিক নিহত
রাজধানীর বনানীতে বুধবার সকালে ছিনতাইকারীর গুলিতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানা গেছে।
সূত্র জানায়, ছিনতাইকারীদের গুলিতে নিহত ভারতীয় নাগরিকের নাম মজিদ আলম (৪৫)।
ুতিনি বনানীর হেরিটেজ ইনের বোর্ডার ছিলেন বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে।
বুধবার সকাল ১১টায় উন্মত্ত জনতা একদল ছিনতাইকারীকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে জনতাকে লক্ষ্য করে ছিনতাইকারীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় একটি গুলি এসে মজিদের মাথায় বিদ্ধ হয়। আহত অবস্থায় মজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ময়না তদন্তের জন্য মৃতদেহ ডিএমসিএইচ মর্গে রাখা হয়েছে।
নিহত মজিদ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর বেশি কিছু জানা যায়নি।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
